ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় শুক্রবার ভোররাতে সাপের কামড়ে এক শিশু ও এক যুবক মারা গেছে। শৈলকুপা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার হরিহরা গ্রামের আলামিন হোসেনের মেয়ে জেরিন (৩) বাবা-মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়েছিল। রাত সাড়ে ৩টার দিকে সাপ শিশুটিকে কামড় দেয়। স্থানীয়ভাবে ঝাড়ফুঁক করা হয়। পরে শিশুটি মারা যায়। একই রাতে আহসাননগর গ্রামের জোনাব আলি মণ্ডলের ছেলে রশিদ মণ্ডলকে ঘুমিয়ে থাকাবস্থায় একটি বিষধর সাপ কামড় দেয়। এ সময় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মহেশপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২
ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেট কার। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুহাইমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
