এই সময়ের ছড়া
সজল আশফাক
আমি হলাম
চৌকস এক ফোন,
আমায় পেয়ে ফুরফুরে হয়
খোকা-খুকুর মন।
ওদের সাথে আমিও তাই
নিয়মিত ইস্কুলে যাই,
ব্যাগেই থাকি লুকানো।
কারণ নিষেধ বিদ্যালয়ে
স্মার্টফোনকে ঢুকানো।
ক্লাশে আমার
কদর তো নেই,
পড়াশুনার বেলায়।
ব্যাগের ভিতর মিউট মুডে
কাটত অবহেলায়।
এলো যখন
করোনাকাল,
স্কুলগুলো হয়
বড়ই নাকাল।
শুরু হলো ঘরে ঘরে
পাঠদান অনলাইনে,
সেই খুশিতে
করব কী আর
আমি ভেবে পাইনে।
যেই আমি ঠাঁই
পাইনি কোনো
ইস্কুলের এক কোণে
সেই স্কুলই ঘর বেঁধেছে
আমার মাঝে, ফোনে?!
