১০০ বিলিয়ন ডলারের ‘ক্লাবে’ জাকারবার্গ

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৩১

টিকটকের পালটা অ্যাপ চালুর ঘোষণার পর

ব্যক্তিগত সম্পদ বেড়েছে ফেসবুক প্রতিষ্ঠাতার

বিবিসি   

বিতর্কিত চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বদলে যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম রিলস চালু করার ঘোষণা দেওয়ার পর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়ে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার হয়েছে।

সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিংয়ের নতুন এই অ্যাপ চালুর ঘোষণার পর বৃহস্পতিবার ফেসবুকের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। আর কোম্পানির ১৩ শতাংশের মালিকানা এখন জাকারবার্গের হাতে। এর ফলে ফেসবুক প্রতিষ্ঠাতা অ্যামাজনের জেফ বেজোস ও মাইক্রোসফটের বিল গেটসের সঙ্গে তথাকথিত ‘শত কোটিপতি ক্লাবে’ যোগ দিলেন। জাকারবার্গ অবশ্য বলেছিলেন, বেঁচে থাকতেই তিনি ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত দাতব্য ফাউন্ডেশনকে ছেড়ে দেবেন।

টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের আওতায় নতুন ভিডিও শেয়ারিং অ্যাপ রিলস চালু করার জন্য এর চেয়ে সুবিধাজনক সময় আর হতে পারত না। কারণ পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ‘যুক্তরাষ্ট্রে টিকটকের হুমকি’ মোকাবিলায় নতুন একটি নির্বাহী আদেশ জারি করেন। ব্লুমবার্গের হিসাবে, এ বছর জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার, যেখানে জেফ বেজোসের বেড়েছে ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ প্রযুক্তি কোম্পানি অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট (গুগলের মালিক), ফেসবুক ও মাইক্রোসফট মিলে যে বাজারমূল্য রয়েছে তা দেশটির মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রায় ৩০ শতাংশ। কোম্পানির আকার ও ক্ষমতা এবং নিজেদের বর্ধমান সম্পদের কারণে প্রযুক্তি খাতের মহারথীরা সম্প্রতি আলোচনার পাদপ্রদীপে রয়েছেন। করোনা ভাইরাসের লকডাউন ও বিধিনিষেধের সবচেয়ে বড় সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ফেসবুক, অ্যামাজন, অ্যাপল ও গুগল। কারণ এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইনে কেনাকাটা করেছে, ভিডিও দেখেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটিয়েছে।