আফ্রিকা মহাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই যদি সেখানে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে উঠবে। আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি এখন দিন দিন জটিল আকার ধারণ করছে। তাই এখনই এর লাগাম টেনে ধরা দরকার। অন্যথায় আরো বড় ধরনের বিপর্যয় হতে বাধ্য। মহাদেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সরকারি হিসাবে এখানে শনাক্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সংক্রমণের শুরু থেকেই এই দেশটি অন্যতম হটস্পটে পরিণত হয়। গোটা আফ্রিকার মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি এই দেশটিতে। আর বৈশ্বিক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ওপরে থাকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ভারতের পরেই তাদের অবস্থান। তবে বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি আরো ভয়াবহ। কেননা সেখানে মৃত্যুর প্রকৃত সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। তারা বলছেন, যেভাবে পরীক্ষা করানো হচ্ছে, তাতে সত্যিকারের সংখ্যা আসছে না। কারণ সবাইকে এর আওতায় আনা যাচ্ছে না। —বিবিসি ও আল জাজিরা
