আজকের খেলা
বার্সেলোনা-ন্যাপোলি
বায়ার্ন মিউনিখ-চেলসি
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো হলেও শুধু শেষ ষোলো হিসেব করলে সবচেয়ে বেশি গোল লিওনেল মেসির। দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে আজ নিজেদের মাঠে ন্যাপোলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন তারকাই যে হবেন বার্সেলোনার সবচেয়ে বড় ভরসা, তা বলাই বাহুল্য। তবুও সাম্প্রতিক পারফর্ম্যান্স মাথায় রেখে যথেষ্ট সতর্ক বার্সেলোনা।
দিনের অন্য ম্যাচে বায়ার্ন প্রতিপক্ষের মাঠে পাওয়া ৩ গোলের ব্যবধানকে আরো বাড়ানোর লক্ষ্যে চেলসিকে আতিথ্য দেবে।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব বার্সার জন্যে আতঙ্কের হলেও দ্বিতীয় রাউন্ড পার হওয়াটা দলটির জন্যে প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার। ২০০৭ সালে লিভারপুলের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর থেকে প্রতি মৌসুমেই নিদেনপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেছেই।
কারণটা লিওনেল মেসির উপস্থিতি। চ্যাম্পিয়ন্স লিগে ১১৪ গোলের ৪৬টি করেছেন নকআউট রাউন্ডে, তার মধ্যে ২৬টিই এসেছে দ্বিতীয় রাউন্ডের খেলায়। এমন নৈপুণ্যে প্রতিবারই বার্সাকে পার করিয়ে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের বৈতরণী।
সে যাত্রাটা আরো এক মৌসুম বাড়ানোর দারুণ সুযোগ আজ দলটির সামনে। ন্যাপোলির মাঠ থেকে মহামূল্য অ্যাওয়ে গোল নিয়ে ১-১ ড্র করে ফিরেছেন মেসিরা। আজ গোলশূন্য ড্র করলেই কেল্লাফতে!
তবে অ্যাওয়ে গোলের সুবিধাকে খুব বড় করে দেখতে নারাজ দলটির ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে। বললেন, ‘আমাদের ছোট একটা সুবিধা আছে, কিন্তু খুব বেশি বড় নয়। পর্তুগালে যাওয়া নিশ্চিত করতে হলে আমাদের ভালো খেলতেই হবে।’
এমন ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলের নিয়মিত একাদশের সার্জিও বুসকেটস আর আর্তুরো ভিদালকে পাচ্ছে না কাতালানরা। তবে দলকে আশা দেখাচ্ছে চোটগ্রস্থ আন্তনিও গ্রিজমান, উসমান দেম্বেলে আর রোনাল্ড আরাউহোর অনুশীলনে ফেরা। স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, ম্যাচেও দেখা যেতে পারে তাদের।
তবুও প্রতিপক্ষ ভাবনায় বার্সা বেশ সতর্ক। মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘তাদের ভালোমানের খেলোয়াড় আছে, দল হিসেবেও বেশ সুশৃঙ্খল। আমি নিশ্চিত কঠিন এক ম্যাচই অপেক্ষা করছে আমাদের সামনে।’
প্রতিপক্ষ ন্যাপোলির অবশ্য বার্সার মতো অতো চোট ভাবনা নেই। লরেঞ্জো ইনসিনিয়ের চোট নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু বার্সার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে তার অনুশীলন তা থেকে মুক্তি দিয়েছে দলকে। লিগে সপ্তম হয়ে মৌসুম শেষ করায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে এবারের আসরে শিরোপা জেতা ছাড়া উপায় নেই কোচ জেনারো গাত্তুসোর দলের সামনে। এমন সমীকরণ সামনে রেখে মরণকামড় দিতে নিশ্চিতভাবে মুখিয়ে থাকবেন ইনসিনিয়ে-ড্রাইস মের্তেন্সরা!
দিনের অন্য ম্যাচে দল দুটো বড় হলেও প্রথম লেগের ফলাফল আভাস দিচ্ছে একমুখী ফলাফলেরই। নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হেরে চেলসি আজ আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখের। টানা ১৮ ম্যাচ জিতে এ লড়াইয়ে আসা বায়ার্নকে তাদেরই মাঠে হারানো যে সহজ নয় তা জেনেই ব্লুজরা এসেছে জার্মান মুল্লুকে। শেষ কবছরে দ্বিতীয় লেগের অনিশ্চয়তা অবশ্য আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে দলটির।
