দ্বিতীয় পর্ব শুরু আজ
স্পোর্টস রিপোর্টার
দেশের কয়েকটি ভেন্যুতে আজ থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। বিসিবির দেওয়া তথ্যমতে এ দফার অনুশীলনে অংশ নেবেন ২৭ ক্রিকেটার।
করোনাকালে বিসিবির ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত ইচ্ছায় ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছিল ১৯ জুলাই। ঈদের আগে ২৮ জুলাই পর্যন্ত অনুশীলনে ছিলেন মুশফিকুর রহিম-ইমরুল কায়েসরা। মিরপুর স্টেডিয়ামের বাইরেও দেশের বিভাগীয় স্টেডিয়ামগুলোতে ১০ দিন অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
ঈদের পর একই প্রক্রিয়ায় দ্বিতীয় পর্বের অনুশীলনে ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ছে। গতকাল বিসিবির পাঠানো তালিকা অনুযায়ী দেশের কয়েকটি ভেন্যু মিলে ২৭ ক্রিকেটার আজ অনুশীলন শুরু করবেন। প্রাথমিকভাবে ১৩ আগস্ট পর্যন্ত অনুশীলন সূচি প্রস্তুত করেছে বিসিবি। প্রত্যেকের জন্যই আলাদা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মিরপুরে অনুশীলন করতে আগ্রহী ক্রিকেটারের সংখ্যা এখন ১৫। ঈদের আগে ছিল ৭ জন। নতুন করে যুক্ত হওয়া ৮ ক্রিকেটার হলেন; মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। মাহমুদউল্লাহ অবশ্য ঈদের পরপরই নেমে পড়েছিলেন অনুশীলনে। মুমিনুল- সৌম্যরা যোগ দিচ্ছে আজ থেকে।
নিরাপদ অনুশীলন নিশ্চিত করতে মিরপুরে ব্যাটসম্যান, বোলারদের জন্য মাঠ ভাগ করা হয়েছে। হোম অব ক্রিকেটে ব্যাটসম্যানরা ইনডোরে ব্যাটিং, মূল মাঠে রানিং ও ফিটনেসের কাজ করবেন। আর বোলাররা একাডেমি মাঠে রানিং, বোলিং ও ফিটনেসের কাজ করবেন।
এছাড়া ঢাকার বাইরে আজ থেকে সিলেটে চার জন, খুলনায় তিন জন, রাজশাহীতে দুই জন ও চট্টগ্রামে তিন জন অনুশীলন করবেন।
ক্রিকেটারদের অনুশীলনের এই পর্ব নির্বিঘ্নে শেষ হলেই বিসিবি জাতীয় দলের ক্যাম্প শুরুর দিকে এগিয়ে যাবে বিসিবি। আগস্টের মাঝামাঝি টাইগারদের ক্যাম্প শুরুর চিন্তা রয়েছে বিসিবির।
