পাঁচ বদলি থাকছে না ইপিএলে

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

করোনা পরবর্তী ফুটবলে ঠাসবুনটের সূচির ধকল সামলাতে দলগুলোকে প্রতি ম্যাচে পাঁচ বদলির সুযোগ দিয়েছিল ফুটবলের নীতিনির্ধারক সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। তবে সে পরিবর্তিত নিয়ম ইংল্যান্ডে একটি পূর্ণ মৌসুমও টিকতে পারেনি। আগামী মৌসুম থেকেই আবার তিন বদলির নিয়মে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

গেল জুলাইয়ে পাঁচ বদলির নিয়মকে চাইলে পরবর্তী মৌসুমের জন্যেও রাখতে পারে ফেডারেশনগুলো, এমন বিবৃতি দিয়েছিল আইএফএবি। এরপর ইংলিশ সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিল, প্রিমিয়ার লিগও আগামী মৌসুমে এ নিয়ম চালু রাখবে। কিন্তু তখন থেকেই এ নিয়মের বিরুদ্ধে মত ছিল। ভাবা হচ্ছিল, বড় বাজেটের দল যাদের স্কোয়াড গভীরতা ভালো, তারা এ নিয়মের সুফলটা পাবে।

সেটাই বড় হয়ে ওঠে সম্প্র্রতি এক প্রিমিয়ার লিগ সভায়। ২০টি প্রিমিয়ার লিগ ক্লাবের ১১টিই ভোট দিয়েছে পাঁচ বদলির বিপক্ষে। ফলে আগামী মৌসুম থেকে আবারও তিন বদলির সিদ্ধান্ত গৃহীত হয়। ইউরোপের শীর্ষ পর্যায়ের অন্য লিগগুলো অবশ্য এ নিয়ে সিদ্ধান্ত নেয়নি। তবে প্রিমিয়ার লিগে তিন বদলি রাখার সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে সেসব সিদ্ধান্তেও, মত ইউরোপীয় সংবাদমাধ্যমে।