স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বের প্রায় সব খেলার ফেডারেশনকেই ক্ষতি পোহাতে হবে। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) জন্য ঘাটতিটা মারাত্মক। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে বিশেষ ব্যবস্থায় সিরিজ আয়োজনের পরও তাদের ১৮ কোটি ২০ লাখ পাউন্ড আয়ের ঘাটতি আছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদ মাধ্যম।
করোনা ভাইরাস পরিস্থিতিতে সম্ভাব্য আয়ের চিত্র তুলে ধরতে ১৮টি কাউন্টি দল ও কাউন্টি বোর্ডগুলোর সঙ্গে বুধবার সভায় বসেছিল ইসিবি। সেখানেই এ ধারণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘দা গার্ডিয়ান।’ এখন থেকে যদি বাকি প্রতিটা সিরিজ সর্বোচ্চ ভালোভাবে আয়োজন করে সম্ভাব্য সর্বোচ্চ আয় করে ইসিবি, তার পরও এই আর্থিক বছরে অন্তত ১০ কোটি ৬০ লাখ পাউন্ড ঘাটতি নিশ্চিতভাবেই থেকে যাবে বলে ধারণা করছে ইসিবি।
ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের এই পুরোটা সময় বাকি বোর্ডগুলোর মতো কিছু আয়োজন করতে না পারলে এ ঘাটতির পরিমাণ ৪০ কোটি পাউন্ড পার হয়ে যেত। বর্তমান ঘাটতির বড় কারণ, সিরিজগুলো আয়োজনের জন্য দলগুলোকে ভাড়া করা বিমানে আনা, বাড়তি খরচ করে রাখা এবং টিকিট বিক্রি করতে না পারা।
