বাড্ডা থানা আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি
জামিউল আহসান সিপু
আবারও আফতাবনগর পশুর হাটের চাঁদার টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবি করে আমেরিকায় আত্মগোপন করা শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রুপ। এই গ্রুপের সঙ্গে চাঁদার ভাগবাঁটোয়ারার মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয় বাড্ডা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরসালিন বাবুকে। বিষয়টি মালয়েশিয়ায় আত্মগোপন করা ডালিম-রবিন গ্রুপ সেখান থেকে মনিটরিং করছিল। কিন্তু বাদ সাধে করোনা মহামারি। করোনা ভাইরাসের কারণে এবারে কোরবানির পশুর হাটে মন্দাভাব যায়। শীর্ষ সন্ত্রাসীদের টার্গেট দেওয়া ১ কোটি টাকা চাঁদা তারা কীভাবে দেবে? ঈদের পরদিন রবিবার থেকে শুরু হয় চাঁদাবাজ গ্রুপগুলোর মধ্যে প্রকাশ্যে বিরোধ। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালের দিকে এক গ্রুপ অস্ত্রধারী সন্ত্রাসী বাড্ডার হোসেন মার্কেটের পিছনে ময়নারবাগে থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরসালিন বাবুর বাড়ি লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
প্রকাশ্যে দিনের আলোতে শত শত মানুষের সামনে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় ময়নারবাগ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা গুলি ছুড়ে তিনটি মোটরসাইকেলে চলে যায়। যাওয়ার সময় তারা চিত্কার করে বলে, ‘ভাইয়ের নির্দেশ, তুই চাঁদার টাকা আমেরিকায় না পাঠালে তোর লাশ ফেলে দিব।’ ঘটনার পর রাতেই মোরসালিন বাবু বাড্ডা থানায় জিডি করেন।
এ ব্যাপারে বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘বিকালের দিকে কয়েকজন সন্ত্রাসী মোরসালিন বাবুর বাসার সামনে গিয়ে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় একটি জিডি করেছেন। আমরা জিডি তদন্ত করছি। ধারণা করছি তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। তবে ঐ সময় মোরসালিন বাবু বাসায় ছিলেন না।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ঈদুল আজহায় আফতাবনগর পশুর হাট ১ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকায় ইজারা নেন বাড্ডার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রায়হান। বিগত বছরেও এই পশুর হাটটি তিনি ইজারা নিয়েছিলেন। এবারের পশুর হাট ইজারায় সন্ত্রাসী গ্রুপগুলো চাঁদার হার নির্ধারণ করে দেয় ১ কোটি টাকা। আমেরিকায় আত্মগোপনকারী শীর্ষ সন্ত্রাসী মেহেদীর কাছে এই চাঁদার টাকা দিতে হবে। এর আগে ২০১৪ সালে এই পশুর হাটের চাঁদাবাজির ১ কোটি টাকা দিতে অস্বীকার করায় মেহেদী গ্রুপের সন্ত্রাসীরা হাট ইজারাদার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গামাসহ চার জনকে গুলি করে হত্যা করে।
আফতাবনগর পশুর হাট ইজারাদার সূত্র জানায়, করোনার কারণে পশুর হাটে আশানুরূপ বিক্রি হয়নি। ফলে তাদের সেই টার্গেট অনুযায়ী লাভ হয়নি। আমেরিকা থেকে শীর্ষ সন্ত্রাসীর দাবিকৃত ১ কোটি চাঁদা মেহেদীর ক্যাশিয়ার মোরসালিন বাবুর কাছে পৌঁছানোর কথা ছিল। চাঁদার কিছু টাকা বাবুর কাছে দেওয়া হয়েছে। ঐ টাকা মেহেদীর কাছে দেওয়া হয়নি বলে সন্ত্রাসীরা তার বাসায় গুলি করে।
