আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৫৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটকের বিষয়টি জানায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সে কাচপুর এলাকার একটি কওমি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়। আমিনুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, জঙ্গি কার্যক্রমের মাধ্যমে যে কোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করাই তাদের দলের মূল উদ্দেশ্য। সে অনুযায়ী তারা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে তাদের মতবাদ প্রচার ও প্রসারে সচেষ্ট ছিল।