আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:০২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আবুল খায়ের (৫২) নামে এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার নির্মাণাধীন একটি ভবন থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছুদিন আগে কেনা একটি জমি নিয়ে        বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। নিহত ব্যবসায়ী সজীব বিল্ডার্স নামে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, নিহতের ব্যবসায়িক অংশীদারসহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহতের মাথায় পিছনের দিক থেকে কিছু দিয়ে জোরালো আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হওয়া যাবে।

নিহতের স্ত্রী রুপালী আক্তার জানান, পরিবারের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর ভবন জালাল গার্ডেনের অষ্টম তলায় থাকতেন আবুল খায়ের। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে। তিনি সাধারণত রাত ৮টার মধ্যেই বাসায় ফিরতেন। বৃহস্পতিবার বিকালে তড়িঘড়ি করে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর রাতভর রুপালী পরিচিত জায়গাগুলোতে খোঁজ নেন। পরে ভাটারা থানা পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়। শেষে গতকাল ভোরে স্বজনরা বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গা খুঁজতে গিয়ে এন ব্লকে নির্মাণাধীন একটি ভবনের দোতলায় তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান।

নিহতের ছোট ভাই সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু জানান, তার বড় ভাইয়ের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে মেডিক্যাল কলেজে পড়েন। তিনি বলেন, আমার ভাই আবাসিক ভবন নির্মাণের উদ্দেশ্যে কিছু দিন আগে জমি কিনেছিলেন। ঐ জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে।’ তিনি তার ভাই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, স্বজনরাই প্রথমে তার লাশ খুঁজে পান। তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।