ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশের সহযোগিতায় আড়াই মাস বয়সি শিশুকে ফিরে পেল তার মা। রিয়া মনি নামের দুগ্ধপোষ্য ঐ শিশুটাকে মায়ের সম্মতি ছাড়াই সামান্য টাকার বিনিময়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে দত্তক দেন তার পিতা উপজেলার রৌয়ারচরের বাসিন্দা লিটন মিয়া। এ ঘটনায় শিশুটির মা গত ৫ আগস্ট মুক্তাগাছা থানায় একটি জিডি করেন। ৬ আগস্ট এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ভূঞাপুর থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিশুটির মা দত্তকের বিষয়টি বুঝতে পেরে আমাদেরকে জানান। তাত্ক্ষণিকভাবে আমরা ময়মনসিংহ পুলিশ সুপার এবং সার্কেলকে অবহিত করে বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাঠে নামি এবং অবশেষে শিশুটিকে উদ্ধার করে ৭ আগস্ট মায়ের কোলে তুলে দেই। সন্তান হারানো মায়ের মিষ্টি মুখের একটি হাসি আমাদের কাছে অমূল্য।
