পাপুলকাণ্ডে কুয়েতের সাবেক এক এমপিকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:০৬

মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। পাপুলের অপকর্মের সঙ্গে জড়িত সন্দেহে দেশটির সাবেক এক এমপিকে বুধবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া দেশটির সুপরিচিত এক ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশটির দৈনিক আল সিয়াসাহর বরাত দিয়ে আরব টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, কুয়েতের সাবেক ঐ আইনপ্রণেতাকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অবৈধ কাজে সহায়তার অভিযোগ রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। কুয়েতের আরো দুই এমপিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এমপি হিসেবে তাদের যে দায়মুক্তি রয়েছে তা প্রত্যাহারের অপেক্ষায় আছেন তদন্তকারীরা।

এদিকে পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক আন্ডার সেক্রেটারি মাজেন আল জাররাহকে রবিবার আদালতে হাজির করা হবে। একই দিন কুয়েতের পার্লামেন্ট নির্বাচনের সাবেক এক প্রার্থী এবং মানবসম্পদ কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকেও হাজির করা হবে। তদন্তকারীরা তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ এনেছে। যদিও তারা সব অভিযোগ অস্বীকার করেছেন।