তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ
বরিশাল অফিস
সড়কে থ্রি-হুইলার চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বরিশালে থ্রি-হুইলার শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর জের ধরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭ রুটে শুক্রবার সকাল ৭টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টায় আবার বাস চলাচল শুরু হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মেট্রো এলাকার আওতাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বাস মালিকদের লাঠিয়াল বাহিনী তিন চাকার পরিবহন চলাচলে বাধা প্রদান করে আসছে। যাত্রীরা রিজার্ভ করে যেসব স্থানে বাস চলাচল বন্ধ রয়েছে সেসব স্থানে যেতে চাইলে যাত্রী ও গাড়ির চালককে গত কয়েকদিন ধরে নাজেহাল করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাস ভাঙচুর হয়েছে বলে নগরীর রূপাতলী বাস টার্মিনালকেন্দ্রিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি দাবি করেছে। তবে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু এ সংঘর্ষের ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে মাহেন্দ্র আলফা (থ্রি-হুইলার) শ্রমিকরা জানান, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সদস্যরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন যানবাহন থেকে যাত্রী নামিয়ে হয়রানি করছে। থি- হুইলার জাতীয় গাড়ি থামিয়ে চাঁদাবাজি করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কে আলফা, মাহেন্দ্র, ইজিবাইক, সিএনজি থামিয়ে রোগী ও যাত্রী নামিয়ে দিচ্ছে। তাছাড়া বাস মালিক সমিতির লোকজন গাড়ির কাগজপত্র দেখতে চায়। মালিক সমিতির লোকেরা আলফা, মাহেন্দ্র, ইজিবাইক, সিএনজির চাকা খুঁচিয়ে ফুটো করে দেয়। মালিক সমিতির এমন আচরণে যাত্রীরা প্রতিবাদ করলে তাদের প্রতিনিয়ত লাঞ্ছিত করার পাশাপাশি তাদের ওপর হামলা করা হয়।
রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়?কে অ?বৈধভা?বে থ্রি-হুইলার চলাচল করছে। বাস মা?লিক-শ্রমিকদের একটি প্রতিনিধি দল অবৈধ থ্রি-হুইলার বন্ধের চেষ্টা করে। এ সময় মাহেন্দ্র শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের ওপর হামলা চালায়। ভাঙচুর করে বেশ কয়েকটি বাস। এ খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাত্ক্ষণিক বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দেওয়ায় সকাল ১০টার দিকে আবার ঐসব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বাস মালিক-শ্রমিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার।
