কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ সাত জন মারা গেছেন। এদের মধ্যে তিন জন ছিলেন আইসোলেশন ওয়ার্ডে ও চার জন ছিলেন আইসিইউতে চিকিত্সাধীন। বৃহস্পতিবার কুমেক হাসপাতালের চিকিত্সক ডা. মারজানা আক্তার এ সব তথ্য জানান।
মৃত ব্যক্তিরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার রফিকুল ইসলাম (৬০), আবদুল খালেক (৮৫), কাজী সামছুল হকের স্ত্রী আইনুন নাহার (৬০), মুরাদনগর উপজেলার হযরত আলীর স্ত্রী মারুফা বেগম (৩৮), দেবিদ্বার উপজেলার লালু মিয়া (৭০), একই উপজেলার বেছু মিয়ার স্ত্রী শাহিনা বেগম (৫১) ও বরুড়া উপজেলার আবদুল হালিম (৬৪)। কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩০৮ জন মারা গেছেন।
শ্রীপুরে পল্লি চিকিত্সকের মৃত্যু
এদিকে শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা জানান, শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে তপন দাস (৬০) নামে এক পল্লি চিকিত্সক মারা গেছেন। গত বুধবার রাতে ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত তপন দাস উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাসিন্দা।
