ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর পল্লবীতে ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ারী বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মাহমুদুল হাসান আসামি আনোয়ারী বেগমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
র্যাব-৪-এর সিনিয়র এএসপি সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে একটি দল গত বৃহস্পতিবার পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারী বেগমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ারী জানিয়েছেন, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্লবীসহ বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদকসংশ্লিষ্ট চারটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
