বেরোবি সংবাদদাতা
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে গত বুধবার জামিন দিয়েছে হাইকোর্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার হাজত থেকে বের হওয়ার কথা ছিল তার। কিন্তু বাবার সঙ্গে দেখা হবে না মুনিরার। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তার বাবা আব্দুল আজিজ।
জানা যায়, প্রভাষক সিরাজাম মুনিরার পিতা মো. আব্দুল আজিজ শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক করলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. পরিমল চন্দ্র বর্মণ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আব্দুল আজিজ পেশায় শিক্ষক ছিলেন। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার উলিপুর গ্রামে।
রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর জেল হাজতেই আছেন মুনিরা। অফিসিয়াল প্রক্রিয়ায় আপাতত তাকে প্যারোলে বের করার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। উল্লেখ্য, ফেসবুকে প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে মুনিরাকে গ্রেফতার করে পুলিশ।
