বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২৩:৫৫

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা এক খুনিকে ফেরত পাঠাতে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত এপ্রিলে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার ঘাতকদের মধ্যে এখনো পাঁচ জন জীবিত। প্রত্যাশা ছিল, মুজিববর্ষে দুই জনকে দেশে এনে বিচারের মুখোমুখি করা যাবে। আল্লাহ মেহেরবান, একজনকে আমরা পেয়েছি। আর আরেকজনকে আনা যাবে বলে আশা করছি।’ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরী এবং কানাডায় থাকা নূর চৌধুরীর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা দুই জনকেই যাতে দেশে আনতে পারি, সেজন্য যা যা করা প্রয়োজন, স্বয়ং প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন,  ট্রাম্পকেও চিঠি লিখেছেন। আমরা আশা করছি যে আমরা সাকসেসফুল হব।’ তবে কানাডা থেকে মৃত্যুদণ্ডের আসামিদের ফেরত আনা যে কঠিন, সে কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, ইউএনও নাকিব হাসান তরফদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাবেক সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।