প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার দুলাভাইকে খুনের ঘটনায় যুবক আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২৩:৫৭

গাজীপুরে শ্যালিকার প্রেমে বাধা দেওয়ায় দুলাভাইকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রেমিক মো. আসিফ হায়দার ওরফে আলমগীর নামে এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করা হয়। নিহত রুবেল মিয়া লালমনিরহাট জেলা সদরের কাশিনাথপুর এলাকার বাসিন্দা।

র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কামান্ডার আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারকৃত যুবকের বরাত দিয়ে জানান, আলমগীর পেশায় একজন গাড়ি চালক। গত আট মাস আগে নিহত ভিকটিম রুবেল মিয়ার শ্যালিকার সঙ্গে আলমগীরের মোবাইল ফোনে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুলাভাই রুবেল তার শ্যালিকার প্রেমিক আলমগীর সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারে যে, আলমগীর মাদক সেবনকারী ও খুবই উচ্ছৃঙ্খল প্রকৃতির। ভগ্নিপতি রুবেল প্রেমিক আলমগীরের সঙ্গে শ্যালিকার সম্পর্ক মেনে নিতে পারেনি। পরে রুবেলের ওপর ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায় আলমগীর। পরে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রুবেল। এ ঘটনায় নিহতের স্ত্রী শাফি বেগম বাদী হয়ে প্রেমিক মো. আসিফ হায়দার ওরফে আলমগীরকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেন।