অবতরণের সময় পিছলে গিয়ে দিখণ্ডিত এয়ারইন্ডিয়ার বিমান

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০০:৫৩

অবতরণের সময় পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহি একটি বিমান। এতে দুই পাইলটসহ ১৬ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৮টারদিকে ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই থেকে কোঝিকোড় আসছিল এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। এতে ১০ শিশুসহ ১৯১ জন যাত্রী ও ক্রু ছিল। প্রবল বৃষ্টির মধ্যে নামার সময়চাকা পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। তবে বিশাল ঝাঁকুনি ও ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও সৌভাগ্যবশত এতে আগুন লাগেনি। তাই বেশিরভাগ যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, এয়ার ইন্ডিয়ার বিমানটি দুবাই থেকে বিদেশে করোনা পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসছিল। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ জানিয়েছে যে, প্রবল বৃষ্টির মধ্যেই বিমানটি অবতরণ করছিল। দৃশ্যমানতা ছিল ২ হাজার মিটার। বিমানটি রানওয়ে ওয়ান জিরো ছোঁয়ার পরে না থেমেই শেষ মাথায় চলে যায়। আর এর পরমুহুর্তে সেটি রানওয়ে ছাড়িয়ে সামনের উপত্যকায় আছড়ে পড়ে দিখণ্ডিত হয়।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বন্যায় বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেছে। একই দিন একটি জেলায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করে। ২৪ টি অ্যাম্বুলেন্স আহতদের হাসপাতালে নেয়ার কাজে ব্যবহার করা হয়। এক পর্যায়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও বিমানবন্দরে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়। ভারতের বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন এনডিটিভি চ্যানেলকে বলেন যে তিনি নয় বছর আগে কোঝিকোড় বিমানবন্দরের ওই রানওয়েটি পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছিলেন, যেখানে এই রানওয়ের ওয়ান জিরোর নিরাপত্তায় যে বড় ধরনের ঝুঁকি আছে, সেটা উল্লেখ করেছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ অনুসারে, বিমানটি বিমানবন্দরে নামার আগেবেশ কয়েকবার চক্কর কেটেছিল এবং বিধ্বস্ত হবার আগে অবতরণের জন্য দু’বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।

এদিকে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলেন, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে গভীর দুঃখ পেয়েছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এবং উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছি।