নরসিংদীর শিবপুরে কিশোরীকে গলাকেটে হত্যা, থানায় মামলা দায়ের 

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:০৬

নরসিংদীর শিবপুরে ঝুমা আক্তার (১২) নামে এক কিশোরীকে হত্যার ঘটনায় শনিবার (৮ আগস্ট) শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঝুমা আক্তারের মা নিলুফা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে এ মামলা দায়ের করেন। 

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের খামার শিমুলিয়া গ্রামের একটি কলাবাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ঝুমা আক্তার শিমুলিয়া গ্রামের মুকুল মিয়ার দ্বিতীয় সংসারের মেয়ে।

নিহতের বাবা মুকুল মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে মাদ্রাসার টিউবওয়েলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঝুমা। পরে অনেক খোঁজাখোজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি কলা বাগানে লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুমার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় শনিবার নিহতের মা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এ মামলায় কোনো আসামীর নাম উল্লেখ না করলেও অজ্ঞাতনামা হিসেবে মামলাটি করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম