পিরোজপুর অফিস
পিরোজপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পরিচয়দানকারী ভুয়া দুই কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলভাঙ্গা গ্রামের হাসানুর রহমান রেজা ওরফে মেহেদী এবং একই গ্রামের রুস্তুম আলী। এ ঘটনায় শুক্রবার রাতে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আফসার আলী শেখের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে ভুয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পরিচয়দানকারী মেহেদী এবং রুস্তুম মুক্তিযোদ্ধা মৃত আফসার আলী শেখের স্ত্রী রিজিয়া বেগমকে শুক্রবার দুপুরে মোবাইল ফোনে জানাতে চান তিনি মুক্তিযোদ্ধা ভাতা পান কি না। রিজিয়া বেগম ভাতা পান বলে প্রতারকদের জানানোর পর তাকে ভাতাপ্রাপ্তির কার্ড নিয়ে পার্শ্ববর্তী দাউদপুর বাজারে তাদের সঙ্গে দেখা করতে বলে। এরপর সন্ধ্যায় রিজিয়া বেগম দাউদপুর বাজারে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা বলে পরিচয় দেয়। তখন উপস্থিত জনতা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে সটকে পড়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পিরোজপুর সদর থানায় খবর দেন। পুলিশ গিয়ে দুই ভুয়া কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসে। এই প্রতারকচক্রের সঙ্গে আরো কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।
