স্পোর্টস ডেস্ক
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসের মহাতারকা তিনি। তবে বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্টের জন্য আক্ষেপ হয়ে রয়েছে তার ফুটবল ক্যারিয়ার। দাবি করলেন, পর্যাপ্ত সুযোগের অভাবে ফুটবলার হিসেবে নিজেকে বিকশিত করতে পারেননি তিনি। আট বারের এই জ্যামাইকান অলিম্পিক চ্যাম্পিয়ন, শৈশবের স্বপ্ন ফুটবল খেলোয়াড় হবার লক্ষ্যে অ্যাথলেটিক্স ছেড়ে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে ট্রায়াল দিয়েছিলেন। প্রাক-মৌসুমে দুটি গোল করে নিজেকে প্রমাণও করেছিলেন বোল্ট। তবে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। যাত্রাটা তাই লম্বা হয়নি। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশন নেটওয়ার্ককে বোল্ট বলেন, ‘আমার মনে হয় না, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পেরেছি। সেটা এমন একটা কিছু যা আমি ভালোভাবে করতে পারতাম। ফুটবলার হিসেবে পর্যাপ্ত সুযোগ আমি পাইনি।’ এর আগে জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও নরওয়ের ক্লাবগুলো হয়ে খেলার জন্য চেষ্টা করেছিলেন ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট। তাকে ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুশোচনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি মাঝে মাঝে এটি নিয়ে চিন্তা করি, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করেনি। কারণ ফুটবল এমন একটা বিষয়, যা আমি ভালোবাসি। তবে এটি সত্য যে, এটি কার্যকর হয়নি, আর এটি সম্পর্কে মনেও করি না। কিন্তু অতীতকে সরিয়ে নেওয়ার জন্য এটি অন্যগুলোর মধ্যে একটি।’
চলতি বছরের শুরুর দিকে, কন্যাসন্তানের বাবা-মা হন বোল্ট ও তার স্ত্রী কেসি বেনেট। তিনি বলেন, ফুটবলার না হয়েও হতাশার মাঝে তিনি জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন। বাবা হওয়ার অনুভূতি জানিয়ে বোল্ট বলেন, ‘এখন অভিভাবক হওয়াটা ভিন্ন কিছু। এটি আপনাকে বিশেষ কিছু অর্জনের অনুভূতি দিয়েছে, তাই আমি সত্যিই খুশি। এই যাত্রাটি উপভোগ করতে আমি মুখিয়ে আছি। এটি কেবল সুন্দর বেঁচে থাকার সময়। দিনের পর দিন এখানে আমি অভিজ্ঞ হয়ে উঠছি।’
