ম্যানচেস্টারে চলছে রোমাঞ্চ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৫১

স্পোর্টস ডেস্ক

চতুর্থ ইনিংস বিবেচনায় ইংল্যান্ডের জন্য লক্ষ্যটা সহজ নয়। করতে হবে ২৭৭ রান। সেই পথে পাঁচ উইকেট হারিয়ে চতুর্থ দিনের চা বিরতির আগ পর্যন্ত ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ড দল করেছে ১৬৭ রান। ম্যাচের ফলাফল এই অবস্থা থেকে যেকোনো দলের পক্ষেই যেতে পারে।

প্রথম ইনিংসে পাকিস্তান শান মাসুদের সেঞ্চুরিতে করে ৩২৬ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড অল আউট হওয়ার আগে করতে পারে মাত্র ২১৯ রান। ফলে, সফরকারী পাকিস্তান দল পায় ১০৭ রানের লিড।

লেগ স্পিনার ইয়াসির শাহ একাই নেন চার উইকেট। আরেক লেগ স্পিনার শাদাব খান ও পেসার মোহাম্মদ আব্বাস দুইটি করে উইকেট নেন। ইংল্যান্ডের ওলি পোপ সর্বোচ্চ ৬২ রান করেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। অল আউট হওয়ার আগে পাকিস্তান করে ১৬৯ রান।

আট উইকেটে ১৩৭ রান করে তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান দল। চতুর্থ দিন সকালে অল আউট হওয়ার আগে আরো ৩২ রান যোগ করে আজহার আলীর দল।

কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি পাননি। ইয়াসির শাহ দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। অন্যদিকে, আসাদ শফিক ২৯ রান করেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। অপর দুই পেসার ক্রিস ওকস আর বেন স্টোকস নেন দুইটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান :প্রথম ইনিংস ৩২৬ অল আউট ও দ্বিতীয় ইনিংস ১৬৯ অল আউট

ইংল্যান্ড :প্রথম ইনিংস ২১৯ অল আউট ও ১৬৭/৫