ক্যাম্পের আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে করোনা ভাইরাসের আতঙ্ক বড় আকার ধারণ করছে। বাফুফের তথ্য অনুযায়ী সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পাওয়া ২৪ জনের মধ্যে ১৮ ফুটবলারই করোনা পজিটিভ ধরা পড়েছেন। যা ভাবিয়ে তুলেছে অন্য ক্রীড়া ফেডারেশনগুলোকেও। করোনার মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনায় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ব্যবহার করে অনুশীলনের সুযোগ দিয়েছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। যার জন্য চলতি মাসেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। লঙ্কা সফরের এই ক্যাম্প শুরুর আগেই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি। এমনকি ক্রিকেটাররা লঙ্কাগামী বিমানে চড়ার ১৫ দিন আগে এই পরীক্ষা হবে। যাতে কোনো ক্রিকেটার পজিটিভ ধরা পড়লেও আইসোলেশনে থেকে সুস্থ হয়ে বিমানে চড়তে পারেন।

গতকাল এসব তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ক্রিকেটারদের করোনা পরীক্ষা সম্পর্কে বিসিবির এই পরিচালক গতকাল বলেছেন, ‘করোনা পরীক্ষা তো অবশ্যই হবে। এটা তো আমাদের করতেই হবে। আমরা সেই সময় ধরে করব। সফরে যাওয়ার আগে ১৫ দিন হাতে থাকবে। যাতে কারো করোনা ধরা পড়লেও আইসোলেশনে থেকে সেরে উঠতে পারে।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ চূড়ান্ত হলেই এই পরীক্ষা পর্ব শুরু হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে করোনা পরীক্ষার উদ্যোগ নিতে পারে বিসিবি। শুধু ক্রিকেটার, কোচ নয় ক্রিকেটারদের খাবার সরবরাহকারী, টিম বয়, গ্রাউন্ডসম্যান এবং ক্রিকেটার-কোচদের কাছাকাছি আসতে পারে এমন সবার করোনা পরীক্ষা করবে বিসিবি।

জাতীয় দলের ক্যাম্প কবে শুরু হবে জানতে চাইলে আকরাম খান গতকাল বলেছেন, ‘পরিস্থিতি ভালো হলেই ক্যাম্প শুরু হবে।’ ব্যক্তিগত পর্যায়ে ক্রিকেটারদের অনুশীলনের দ্বিতীয় পর্বের সূচি করা হয়েছে ১৩ আগস্ট পর্যন্ত। এই পর্ব ভালোভাবে সম্পন্ন হলে আগস্টের মাঝামাঝি ক্যাম্প শুরু হওয়ার কথা।

এদিকে গতকাল বিসিবি কার্যালয়ে মিটিংয়ে বসেছিলেন বিসিবির কয়েক জন পরিচালক। আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী মিটিং করেছেন। মিটিং প্রসঙ্গে আকরাম খান জানান, আমরা কয়েক জন পরিচালক বসেছিলাম। আমাদের শ্রীলঙ্কা সফর, ঘরোয়া ক্রিকেট, মাঠগুলো কীভাবে ব্যবহার হবে, সবকিছু নিয়ে আলোচনা করেছি। একটা প্ল্যান তৈরি করেছি।