কুমিল্লায় খালেদার মামলার চার্জগঠন ও জামিন শুনানী ১৬ জানুয়ারি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৫:১০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পেট্রোল বোমায় বাসের ৮ যাত্রী হত্যা মামলার চার্জগঠন ও জামিন আবেদনের পরবর্তী শুনানী আগামি ১৬ জানুয়ারি ধার্য করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।

জানা গেছে, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩  ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ওই বাসের ৭জন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর আরও ১জনসহ মোট ৮ যাত্রী মারা যায়।

ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। সোমবার মামলার চার্জগঠন ও খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানী দিন ধার্য ছিল।

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩২

কুমিল্লার আদালতের রাস্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান লিটন জানান, কুমিল্লা জেলা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় আগামী ১৬ জানুয়ারি এ মামলার চার্জগঠন ও খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।

ইত্তেফাক/নূহু