নেত্রকোনা জেলা প্রশাসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:২১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেত্রকোনা থেকে বদলির আদেশ  প্রত্যাহারের  দাবিতে গতকাল শনিবার নেত্রকোনা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে স্মরণকালের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন তালুকদারের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান গাজী মোবারক হোসেনের সঞ্চালনায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে নেত্রকোনার বর্তমান মানবিক গুণসম্পন্ন ডিসির বদলি প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সদর উপজেলা কমান্ডার আইয়ূব আলী, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম কাসেম, মুক্তিযোদ্ধা আক্কাছ আলী আহমেদ এবং মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান খান পাঠান। মানববন্ধনে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করে যে সব সংগঠন সেগুলো হলো—সাংবাদিক সমিতি, জেলা প্রেসক্লাব, সাহিত্য সমাজ, টেলিভিশন সাংবাদিক ফোরাম, উদীচী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, স্বাবলম্বী, দুর্বার গোষ্ঠী, শিকর উন্নয়ন কর্মসূচি, মিতালী সংঘ, নজরুল সেনা, কচিকাঁচার মেলাসহ বিভিন্ন সংগঠন। বক্তারা জেলা প্রশাসকের অনভিপ্রেত বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মঈনউল ইসলাম নেত্রকোনায় যোগদানের পর থেকে অত্যন্ত সজ্জন ও সত্ মানুষ হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। হঠাত্ করে তার এই বদলির আদেশে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এ কারণে জেলাবাসী হতাশ হয়েছেন। তাই তার বদলির আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানান। উল্লেখ্য, গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জেলা প্রশাসক মঈনউল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে। অবশ্য জেলা প্রশাসককে কি কারণে বদলি করা হয়েছে— তা বদলির আদেশে উল্লেখ করা হয়নি।

বদলির আদেশ প্রত্যাহার দাবি উপজেলা পরিষদ সমিতির

নেত্রকোনা জেলার ১০ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান সংগঠন উপজেলা পরিষদ সমিতি নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে। গতকাল শনিবার নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম এবং বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল ইসলাম কাশেম সাংবাদিকদের এ তথ্য জানান।