পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের এবং চীনের সঙ্গে সম্পর্ক অর্থনৈতিক। সম্প্রতি চীন আমাদের দেশের প্রায় ৮ হাজারেরও বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। এ নিয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। শনিবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা রক্তের সম্পর্ক সৃষ্টি করেছে। আগামী বছর আমরা ৫০ বছর পূর্তি উত্সব করব। আমাদের বিজয়, ভারতেরও বিজয়। তবে ভারতের সঙ্গে যেমন আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে তেমনি চীনের সঙ্গেও আছে। ইতিমধ্যে চীন আমাদের দেশে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করছে। এক্ষেত্রে চীন-ভারত উত্তেজনায় ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমরা যৌথভাবে কাজ করব।
বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো যারা দেশের বাইরে পলাতক আছেন তাদের দেশে ফিরিয়ে এনে এই মুজিববর্ষেই বিচার করা হবে ইনশাল্লাহ। এজন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেহেরপুরে স্থলবন্দর স্থাপনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা এটা নিয়ে আবেদন করেন, ভয়েস রেইজ করেন। তাহলে এ বিষয়ে আলোচনা করে দেখা যাবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সস্ত্রীক মুজিবনগর পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। পরে তিনি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
