সিফাতের মুক্তির দাবিতে বামনায় মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:৫৯

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর প্রতিবাদ ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়াও কারাবন্দি সিফাতের নানা বামনা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আইউব আলী হাওলাদারকে গালমন্দ করার পাশাপাশি হুমকিও দিয়েছে পুলিশ। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যা দিয়েছেন বামনা থানার ওসি  মো. ইলিয়াস হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে সিফাতের নিজ গ্রাম বরগুনার বামনায় মানববন্ধন কর্মসূচি শুরু করে সিফাতের সহপাঠীরা। বামনার কলেজ রোড সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হঠাত্ পুলিশের একটি টিম এসে ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নেয়। তারপরও শান্তিপূর্ণভাবে চলছিল কর্মসূচি। এরপরই বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন মানববন্ধনস্থলে এসেই অংশগ্রহণকারীদের গালমন্দ শুরু করে লাঠিচার্জের নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে মুহূর্তেই শান্তিপূর্ণভাবে চলা মানববন্ধন পণ্ড হয়ে যায়। লাঠিচার্জ করেন ওসি নিজেও।

পুলিশের লাঠিচার্জে আহত রুবেল বলেন, সিফাত অত্যন্ত ভালো ছেলে। আর যাই হোক সিফাতের বিরুদ্ধে           মাদকের অভিযোগ কোনোভাবেই মানা যায় না। এছাড়াও মিথ্যা মামলায় নির্দোষ সিফাত জেলে থাকায় ওর মুক্তির জন্য মানববন্ধনে অংশ নিয়েছিলাম।

সিফাতের নানা মো. আইউব আলী হাওলাদার বলেন, পুলিশ যা করেছে তা মোটেও ঠিক হয়নি। বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, আমাদের অনুমতি না নিয়ে একদল দুষ্কৃতকারী রাষ্ট্রের বিরুদ্ধে মানববন্ধন করছিল। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে মানববন্ধন বন্ধ করে দিয়েছি। সিফাতের স্বজন ও স্থানীয়রা জানান, এক ভাই ও এক বোনের মধ্যে সিফাত বড়। সিফাতের বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী। ১০ বছর আগে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর সিফাতের মা লন্ডন চলে যান। আর বাবা থাকেন ঢাকায়।

সিফাতের শৈশব ও কৈশর কেটেছে বামনার সফিপুর গ্রামের নানাবাড়িতে। বামনার সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে ভর্তি হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে। ঢাকায় ভর্তি হওয়ার পর খালার বাসায় থেকে লেখাপড়া করতেন সিফাত। বছরে দু-চার বার বামনা আসলেও পড়ে থাকতেন ক্যামেরা আর ট্রাইপড নিয়ে। ছবি তোলার নেশায় ঘুরে বেড়াতেন এক এলাকা থেকে অন্য এলাকায়। শৈশবে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসা বঞ্চিত হলেও সিফাত বিপথগামী হননি বলে জানান স্থানীয় লোকজন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে কক্সবাজারে সাবেক সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে এবং এ ঘটনায় ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ও চলচ্চিত্রকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কটিয়াদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গিয়াসউদ্দিন আহমেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সঞ্জয় রায় তপু, সাকিবুল হাসান সোহাগ, এ কে এম মুশফিকুর রহমান রবিন প্রমুখ। বক্তারা সিফাত ও শিপ্রা রানি দেবনাথের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।