গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ সাত জনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা নসিমন ও আলমসাধুর ওপর উঠে গেলে ছয় জন নিহত হন। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ নামে এক ব্যক্তি মারা গেছেন। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মুক্তাগাছা ও ময়মনসিংহ :পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, গতকাল ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছার মানকোন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজীব পরিবহন নামে একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চার জন ও হাসপাতালে নেওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। এরা হলেন নূর ইসলাম (৩০), তার স্ত্রী মোছা. তাসলিমা (২৬) ও তার মেয়ে লিজা (১০)। এদের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি ইউনিয়নের নয়াকুড়ি গ্রামে। অন্যরা হলেন অটোচালক মো. আলাদুল (৩৮), মো. নজরুল (৩৫), নজর ইসলাম (৫৫) ও সাইদুল ইসলাম (৪৫)। এরা মুক্তাগাছার ইসাখালী গ্রামের বাসিন্দা। মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, বাসচালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা :গতকাল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার বসু ভাণ্ডারদহ গ্রামের ষষ্ঠী (৪০), খাড়াগোদা গ্রামের গ্রাম্য চিকিত্সক মিলন আলী (৪০), তিতুদাহ গ্রামের রাজু (৩৮), একই গ্রামের শরিফ হোসেন (৪৫), সোহাগ (২৫) ও কালু (৪৫)। জানা যায়, ভোরে তেল পাম্পের পাশে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি নসিমন ও আলমসাধু। তার ওপর বসে ছিলেন ১০ থেকে ১৫ জন দিনমজুর। রাজু, সোহাগ, শরীফ, ষষ্ঠী ও কালু কাজের খোঁজে বাজারে এসেছিলেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :রূপগঞ্জ-আড়াইহাজার সড়কের সাওঘাট কাতরারচক এলাকায় গতকাল সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন আহত হন। এরা হলেন আড়াইহাজার উপজেলার অটোচালক নাসির উদ্দিন (২৭) ও সহিদ মিয়ার ছেলে ওয়াজিদ (১৭)।
মানিকগঞ্জ :গতকাল সাটুরিয়া উপজেলার হরগজ পূর্বনগর মসজিদের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় রবিউল (৭) নামে এক শিশু একটি অটোভ্যান চাপায় নিহত হয়। সে ধূল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সাটুরিয়া-বালিয়াটী সড়কের সওদাগরপাড়ার হাতিগেটের সামনে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মো. জামাল হোসেন (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হন।
সিংগাইর (মানিকগঞ্জ) :শুক্রবার রাতে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এরা হলেন মানিকগঞ্জ সদরের মিতরা আইরমারা গ্রামের অশরাফ খান ও মাগুরার শ্রীপুরের বরতলা গ্রামের রিকশাচালক আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ (৮)।
ধামরাই (ঢাকা) :গতকাল কসমস বাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় আলাউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে রাজবাড়ী থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া :গত শুক্রবার সন্ধ্যায় আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সাজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সাজু মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা।
শেরপুর (বগুড়া) :বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসচাপায় দিলীপ কুমার রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দিলীপ কুড়িগ্রামের উলিপুরের গাড়িবাকসী গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আজহারুল (১৮) নামে এক যুবক নিহত ও দুই জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রনশিয়া নামক স্থানে শ্যালোচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আজহারুল বৃদ্ধিগাঁও গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
ডুমুরিয়া (খুলনা) :গতকাল ডুমুরিয়া থেকে মোটরসাইকেলে গ্রামে ফেরার পথে ইমান আলী মোল্লা (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ট্রাকচাপায় নিহত হন। তিনি উপজেলার মিকশিমিল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও চহেড়া গ্রামের বাসিন্দা।
