মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২৩:০৬

দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত। করোনা ভাইরাস শনাক্তের ১৫৪তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। শুক্রবারের চেয়ে গতকাল পাঁচ জন বেশি মারা গেছেন। শুক্রবার মারা যান ২৭ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৬৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। শুক্রবারের চেয়ে ৭৪০ জন কম সুস্থ হয়েছেন। শুক্রবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬৬ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার শূন্য দশমিক ১৯ শতাংশ কম।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৩৭ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবারের চেয়ে গতকাল ২৪০ জন কম শনাক্ত হয়েছেন। শুক্রবার ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৪৫ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার শূন্য দশমিক ২ শতাংশ কম। তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৪৯ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫২৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ২৫৩ জনের। শুক্রবারের চেয়ে গতকাল ১ হাজার ৭২৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৩৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৬৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৯৬২টি কম নমুনা পরীক্ষা হয়েছে।