এএফপি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে নিজের গড়া একটি দল থেকে বরখাস্ত হওয়ার কয়েক মাস পরে তিনি এ সিদ্ধান্ত নিলেন।
মাহাথির বলেন, একটি জাতিগত মালয়ভিত্তিক রাজনৈতিক দল গঠন করবেন তিনি। নতুন দলটি প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন পেরিকাতান নেসিওনাল (পিএন) সরকার বা বিরোধী পাকতান হরপানের (পিএইচ) সঙ্গে জোট বাঁধবে না। মাহাথির (৯৫) ২০১৬ সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে পার্টি প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়া (পিপিবিএম) প্রতিষ্ঠা করেন। তিনি নিজে দলটির চেয়ারম্যান হন এবং মুহিউদ্দিনকে প্রেসিডেন্ট নিযুক্ত করেন।
এ বছরের শুরুর দিকে পিপিবিএম দলের মধ্যে এক বিরোধের জেরে মুহিউদ্দিন বিরোধী দলের সঙ্গে পিএন জোট গঠন করেন এবং মাহাথির ও তার সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। মাহাথির এবং অন্য সংসদ সদস্যদের দলের সদস্যপদ বাতিলের বিষয়ে দায়ের করা মামলা হাইকোর্ট খারিজ করার পরে মাহাথির নতুন দল গঠনের এ সিদ্ধান্ত ঘোষণা করলেন।
