ভূমিধসে কেরালায় ১৫ জনের মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০০:২৮

বিবিসি ও রয়টার্স

ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার ইদুক্কি জেলার রাজামালাই এলাকায় চা-শ্রমিকদের বস্তির কয়েকটি ঘর প্রবল পানির তোড়ে ধসে পড়ে ভেসে যায়। ওই সময় শ্রমিকরা ঘরে ঘুমিয়ে ছিলেন। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। তাদের আশঙ্কার মৃতের সংখ্যা আরো বাড়বে।

স্থানীয় একজন জনপ্রতিনিধি বিবিসিকে বলেন, ‘এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার সাত জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আরো ৫৬ জন নিখোঁজ। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।’

ভারতের আবহাওয়া অধিদপ্তর আগেই শুক্রবার ইদুক্কি জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল। শনিবারও সেখানে উদ্ধার অভিযান চলেছে। কিন্তু ভারি বর্ষণ, কুয়াশা এবং আবারও ভূমি ধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সেখানে সড়ক যোগাযোগের একমাত্র সেতুটি ধসে পড়ায় মূলভূমি থেকে ঘটনাস্থল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুটি মেরামত করে যোগাযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারতের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন আরো ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।