কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম আধুনিক ও প্রায়োগিক করতে হবে —কৃষিমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০০:২৯

ইত্তেফাক রিপোর্ট

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এর সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে কোভিড-১৯। ফলে বৈশ্বিক খাদ্য ব্যবস্থা বা ফুড চেইনকে চরম সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত কৃষি গ্রাজুয়েট তৈরি করতে হবে। যুগোপযোগী, আধুনিক ও প্রায়োগিক কারিকুলামের মাধ্যমেই সেটি সম্ভব। গতকাল শনিবার কৃষিমন্ত্রী রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দক্ষ কৃষি গ্রাজুয়েট তৈরিতে আধুনিক কারিকুলামের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, কৃষিকে কীভাবে নিরাপদ ও পরিবেশসম্মতভাবে টেকসই করা যায় তার ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকের ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গ্রাজুয়েটদের ইন্টার্নশিপে বেশি করে যুক্ত রাখতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সাত্তার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব এন আই খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ?উপাচার্য অধ্যাপক লুত্ফুল হাসান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রমুখ ।