ফজিলাতুন্নেছা মুজিবকে মূল্যায়নে ঢাবি কার্যকর উদ্যোগ নেবে :উপাচার্য

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০০:৩১

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্বে যে কজন মহীয়সী নারী জীবনে অসীম ত্যাগ, দৃঢ় মনোবল এবং অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে গড়ে ওঠা এবং বাংলাদেশ নামের জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবের একান্ত ঘনিষ্ট সহচর হিসেবে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। তার এই অসীম অবদান সমাজ, সভ্যতা ও নারী অগ্রগতির স্বার্থে গভীরভাবে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। এ নিরিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। 

মুজিব জন্মশতবর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে উপজীব্য করে অধ্যয়ন ক্ষেত্র তৈরি জাতীয় জীবনে একটি মাইলফলক হিসেবে গণ্য হবে বলে উপাচার্য অভিমত ব্যক্ত করেন। গতকাল শনিবার বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, একজন নারীর যেসব গুণাবলি থাকে, তার সবই ফজিলাতুন্নেছা মুজিবের মধ্যে ছিল। অধিকন্তু এক সুপ্ত প্রতিভা ও জীবন দর্শন তার মধ্যে লুকায়িত ছিল, যার বহিঃপ্রকাশ ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র ও যুব রাজনৈতিক জীবনে এবং তা অধিকতর দৃশ্যমান রূপ পায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কঠিনতম সময়ে। বিশেষ করে ষাটের দশক ও সত্তরের দশকের প্রথমার্ধে। এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীনসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।