স্পোর্টস ডেস্ক
জুভেন্তাস অনূর্ধ্ব ২৩ দলের কোচ হওয়ার ঠিক দশম দিনেই মূল দলের দায়িত্ব পেলেন সাবেক ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। শনিবার রাতে এক বিবৃতিতে ঘোষণাটি দেয় জুভেন্তাস।
চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার কারণে মাউরিজিও সারি পদচ্যুত হওয়ার পর থেকেই দলটির নতুন কোচ কে হবেন—এ প্রশ্নের উত্তর পেতে জল্পনাকল্পনা শুরু হয়েছিল ইউরোপীয় সংবাদ মাধ্যমে। মরিসিও পচেত্তিনো, ল্যাজিও কোচ সিমন ইনজাগি কিংবা সাবেক জুভেন্তাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির নামে গুঞ্জন শোনা গেলেও শেষমেশ পিরলোতেই আস্থা রাখে দলটি।
খেলোয়াড়ি জীবনে চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ ও লিগ জেতা ৪১ বছর বয়সি এই কোচকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বিয়েঙ্কোনেরিরা। কোনো কোচিং অভিজ্ঞতা ছাড়াই দলটির সাবেক খেলোয়াড় জিনেদিন জিদানের কোচিং সাফল্য জুভেন্তাসকে আশা দেখাচ্ছে পিরলোর ক্ষেত্রে। ক্লাবটির প্রধান ফুটবল অফিসার ফ্যাবিও প্যারাতিচি দেখছেন একে ‘স্বাভাবিক’ প্রক্রিয়া হিসেবেই।
