স্পোর্টস ডেস্ক
আরেকটা আন্তর্জাতিক সিরিজ করোনা ভাইরাসের কারণে স্থগিত হলো। চলতি মাসেই দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু সেটা আপাতত হচ্ছে না।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। সংস্থাটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানান, সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে সিরিজটি আয়োজন করতে সরকারের কাছে আবেদন করেছিল বোর্ড। কিন্তু মহামারিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অনুমতি দেওয়া হয়নি।
করোনা ভাইরাসের প্রকোপে আন্তর্জাতিক ক্রিকেট থমকে আছে জিম্বাবুয়ের জন্য। আগস্টেই ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে গেল জুনেই তা বাতিল হয়ে যায়। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রায় ১৭ বছর পর এই মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে দলের। সেই ঐতিহাসিক সফরও আপাতত স্থগিত।
