সৈয়দপুরে জমিতে জলাবদ্ধতায় বিপাকে কৃষক

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:১৭

সৈয়দপুরের কাশিরাম ও খাতামধুপুর ইউনিয়নের এলাকায় টানা বৃষ্টিতে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ১ হাজার একর জমিতে কৃষকরা এখনো শুরু করতে পারেননি চাষাবাদ। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। সরজমিনে দেখা গেছে, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের জোতপাড়া ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট এলাকার কিছু অংশে রয়েছে নিচু জমি। বর্ষায় টানা আড়াই মাসের বৃষ্টিতে এ সকল জমিতে পানি জমেছে। দেখলে মনে হয় বিল। পানি প্রবাহের বিভিন্ন ড্রেনের মুখ বন্ধ করে অবৈধভাবে মাছের ঘের করায় স্থায়ী এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। খাতামধুপুর ইউনিয়নের তোজাম্মেল হক তজু, গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, সুলতান, আজহারুল ও আলাল হোসেনসহ অর্ধশতাধিক কৃষক এই সমস্যা থেকে রেহাই পেতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম বলেন, ইউএনওকে নিয়ে কৃষকদের জলাবদ্ধ জমিগুলো পরিদর্শন করেছি। এই জলাবদ্ধতা নিরসন একার পক্ষে সম্ভব নয়। ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কঠোর নির্দেশনা দিয়েছেন পানি নিষ্কাশন ড্রেন থেকে মাছের ঘের সরানোর। এছাড়া অনেক স্থানে পানি প্রবাহের ড্রেন নেই। এ কারণে এ সমস্যা। তবে পানি নেমে গেলে লক্ষ্যমাত্রায় ব্যাঘাত ঘটবে না বলে জানান তিনি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতেও কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।