কাউকে টাকা না দিতে চলছে মাইকিং
শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি
পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নাম করে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের একটি চক্র ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন এলাকা ছাড়া বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, এই অর্থ ৭০০ আবেদনকারীর নিকট থেকে নেওয়া হয়েছে। এক বছর পার হতে চললেও আবেদনকারীরা এখনো বিদ্যুত্ সংযোগ পায়নি। এমনকি সেই চক্রের হদিসও তারা পাচ্ছেন না বলে জানা গেছে। প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষ হতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পল্লী বিদ্যুত্ সমিতির জিএম এর নিকট লিখিতভাবে আবেদন করা হয়েছে। পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের কয়েক জন ব্যক্তি কয়েক দিন আগে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে লিখিতভাবে জানান, উল্লিখিত চক্রটি বড়রুহী গ্রামে দ্রুত পল্লী বিদ্যুত্ সংযোগ এনে দেবে বলে জানায় এবং গ্রাহকপ্রতি ৪ হাজার ৫০০ টাকা দিতে হবে বলে জানালে ৭০০ আবেদনকারীর প্রত্যেকেই টাকা প্রদান করে। আবেদনকারী বাচ্চু মিয়া বলেন, তাদের অনেকেই দ্রুত বিদ্যুত্ পাবার আশায় গরু, ছাগল বিক্রি করে এই টাকা প্রদান করেন। কিন্তু এক বছর পার হবার পরও তারা বিদ্যুত্ সংযোগ পাননি। এ ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতির জিএম জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গত দুই দিন ধরে এই গ্রামে মাইকিং করা হচ্ছে যাতে পল্লী বিদ্যুত্ সংযোগের জন্য কেউ যেন কোনো দালাল বা অফিসের কাউকে টাকা না দেন। বিদ্যুত্ সংযোগ পেতে কোনো টাকা লাগে না বলেও তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, তিনিও অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
