বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এরই মধ্যে ক্রীড়া জগতের বেশকিছু খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা হলো আক্রান্তদের সবাই সুস্থ হয়েছেন। এবার সেই অদৃশ্য ভাইরাসে আক্রান্তের তালিকায় যোগ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের স্পিনার মোশরারফ হোসেন রুবেল। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি।
মোশাররফের বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন মোশাররফের বাবা।
এ ব্যাপারে মোশাররফ বলেন, ‘গতকাল রাতে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার তেমন কোনো সমস্যা নেই। শুধু খাবারে গন্ধ পাচ্ছি না। এছাড়া আর কোনো সমস্যা নেই আমার। তবে আমার বাবার অবস্থা খুব একটা ভালো নয়। তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। আমি বাসাতেই আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মোশাররফ করোনায় আক্রান্ত হলেও, তার স্ত্রী-সন্তানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই স্ত্রী ও সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি, ‘আমার স্ত্রী-সন্তানের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। তাদেরকে আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আমার ঢাকার বাসাতে আইসোলেশনে আছি।
৩৮ বছর বয়সী মোশাররফ বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত ঘরোয়া আসরে খেলে থাকেন। ২০০৮ সালে জাতীয় দলের অভিষেক হয় তার। পরবর্তীতে আট বছর পর আবারো জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পান তিনি। কিন্তু দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এই স্পিনার। গেল বছর ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন মোশাররফ। এরপর অস্ত্রোপচার করিয়ে সুস্থ হন তিনি।
ইত্তেফাক/এসআই
