অণুগল্প

প্রেম নেই

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৩৪

স্লাইডার ঠেলে মন ঢুকল। সোফার কোণে বসেছিলাম। বসল মুখোমুখি। একটু সময় নিল। মাঝে দুটি কফির মগ। সে বলল, ‘দেখো রুচিবোধ চিরস্থায়ী কোনো ব্যাপার না। যার থাকে সে কূপমণ্ডুক। এটি তুমিও না। আমিও না। আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে। একটা ডিপ রিলেশন। এটাকে কেউ প্রেম বলে। কিন্তু প্রেম বলো আর যাই বলো মানুষের রিলেশন তো স্থবিরতার শর্ত মেনে বেঁচে থাকবে না। যদি বেঁচে থাকে তবে সেটি ভণ্ডামি। অবশ্য জীবন একটু কপটতাকেও অ্যালাও করে। অকপট হয়ে সমাজ-সংসারে বেঁচে থাকা যায় না। এটাও তুমি জানো।’

এর বেশি কিছু বলেনি। বেরিয়ে আসি মনের অফিস থেকে। লাটিমের চক্কর। এই চক্রকে ঘিরে নাচে বাঁদর। মানুষের ভিড়ে। এরই মধ্যে হেঁটে যায় সবুজ টিয়া। রব ওঠে, আমার নাম সুশান্ত।

টিয়া যায় এগিয়ে। একটি হলুদ এনভেলাপ তোলে। ঐ এনভেলাপ নেয় কারবারি। বলে যায়, ‘সুশান্ত ঘোষ, আপনার সামনে মহাবিপদ।’ এসব দেখতে দেখতে খবর পাই, মন এরই মাঝে দীপাবলি, ফারজানা, মৌলি এভাবে পালটিয়েছে অনেক প্রেম। সরেছে এক জায়গা থেকে অন্য জায়গায়। যেন ঘুরে বেড়ানোই জন্যই মন জন্মেছে। ঘুরেফিরে বলছে, ‘নিঃসঙ্গতা মানে সঙ্গের অভাব নয়। নিঃসঙ্গতা আরো ব্যাপ্ত এক ক্ষেত্র, এক কুয়াশাময় জগত্। ল্যান্ডস্কেপ ইন দ্য মিস্ট। সেখানে ঢুকে যাওয়া সহজ, সেখান থেকে ফিরতে পারা সহজ নয়। মুখ বদলে গেলেও সঙ্গীর, থেকে যায় স্মৃতি। আই অ্যাম সিঙ্গেল বাট নট অ্যালোন।’

মনের সঙ্গে আর আমার দেখা হয়নি। গতকাল শহীদুল মনের কথাগুলোই যেন বলল, একটু অন্যভাবে। পুনরাবৃত্তি। এখন বর্ষাকাল। শ্রাবণের বৃষ্টি হচ্ছে। গান শুনছি। কথাগুলো এমন, একটা কাচঘর। সেই কাচঘরে বসে তুমিই ঢিল ছুড়ছ। ভেঙে পড়ছে তোমার চারপাশ। তুমি কি তোমার সব্বাইকে ভুলে গিয়েছ!