নরসিংদী পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগ

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৪৭

নরসিংদী শহরের গা ঘেঁষে যাওয়া মেঘনা (শাখা) নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বালির ব্যবসা। এতে নরসিংদী পৌরসভার সাধারণ মানুষকে ফেলেছে চরম ভোগান্তিতে। ট্রলারে আসা বালি ড্রেজার ও পাইপের মাধ্যমে মেঘনা নদী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে ফেলা হচ্ছে। সেখান থেকে বিক্রি হয়ে ট্রাকের মাধ্যমে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ড্রেজারের পাইপগুলো গিয়েছে আবাসিক এলাকার মধ্য দিয়ে। যেখানে প্রায়ই পাইপগুলো ছিদ্র হয়ে বালিতে ভরে যাচ্ছে ঘরবাড়ি। এমনকি একটি গলি দিয়ে চলে গিয়েছে চার-পাঁচটি লোহার মোটা পাইপ। যার ফলে ঐ রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং রিকশা কিংবা অন্য কোনো বাহন চলাচল করতে না পারায় দৈনন্দিন বাজারসহ যে কোনো ভারী জিনিস বহন করে নিয়ে যেতে হচ্ছে বহুদূর ঘুরে। বালি পরিবহনেও মানা হচ্ছে না নিয়ম। বালির ট্রাকগুলো দিনের বেলা চলাচলসহ বালি কাগজ বা কার্পেট দিয়ে না ঢেকে পরিবহন করায় রাস্তায় বালি পড়ে সৌন্দর্য নষ্ট হওয়াসহ বায়ু দূষিত হচ্ছে। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তানভীর হাসান সবুজ

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়