কালিয়াচাপড়া চিনিকল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক শাখা কিশোরগঞ্জ জেলার পুলেরঘাট উপশহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কালিয়াচাপড়া চিনিকলের অধীনে দীর্ঘদিন কার্যক্রম শেষে মাধ্যমিক শাখাটি এমপিওভুক্ত হলেও এটি আজো সরকারি হয়নি। নামমাত্র বেতনে কয়েকজন শিক্ষক পাঠদান করছেন। একাডেমিক ভবন পুরাতন হয়ে অকেজো হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে একাডেমিক কার্যক্রম। স্কুলটি সরকারি না হওয়ায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। স্কুলটির জায়গা রেজিস্ট্র্রি ও সরকারি করার জন্য একাধিক সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনও করছে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি—কাচিক স্কুলের প্রাইমারি শাখাটি দ্রুত সরকারি করে পুলেরঘাট উপশহরের ছাত্রছাত্রীদের শিক্ষার পথ সুগম করা হোক।
আল আমিন হোসেন, পুলেরঘাট, কিশোরগঞ্জ
