ইত্তেফাক রিপোর্ট
কভিড-১৯ এর প্রভাবে ইউরোপের সবদেশেই আর্থিক সংকোচন ঘটছে। তবে তুলনামূলক কম হচ্ছে সুইডেনে। বিবিসির সংবাদ অনুযায়ী চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এর আগের প্রান্তিকের তুলনায় দেটির অর্থনীতির সংকোচন হয়েছে ৮ দশমিক ৬ শতাংশ। এ রকম সংকোচন গত ৪০ বছরের মধ্যে আর দেখা যায়নি। তবে সুইডিশ পরিসংখ্যান দপ্তর বলছে, এমন সংকোচনের পরও আর্থিকভাবে সুইডেনের অবস্থান ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) অন্য দেশের তুলনায় ভালো। কারণ লকডাউনসহ কভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে একই প্রান্তিকে ইইউর অর্থনৈতিক সংকোচন হয়েছে ১১ দশমিক ৯ শতাংশ। করোনার এই সময় স্পেন, ফ্রান্স ও ইতালির তুলনায় সুইডেনের অর্থনৈতিক সংকোচন হয়েছে অনেক কম। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ঐ তিন দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ৫ শতাংশ, ১৩ দশমিক ৮ শতাংশ ও ১২ দশমিক ৪ শতাংশ। সুইডেনের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ১৯৮০ সালের পর যে কোনো এক প্রান্তিকে দেশটির জিডিপিতে এটিই সবচেয়ে বড় পতন।
