সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে এক খামারির ৭০০ হাঁস মারা গেছে। গত দুই দিন ধরে জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামে জাকির হোসেনের হাঁসের খামারে এ মড়ক দেখা দিয়েছে। এতে খামারির ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। খামারি জাকির হোসেন জানান, প্রতি বছর তিনি ডিম উত্পাদনের জন্য এ হাঁসের খামার করে থাকেন। ডিমপাড়া শেষ হলে এ হাঁস ওজন ধরে বাজারে বিক্রি করে দেন। এ বছরও তিনি দেড় হাজার হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করেন। হাঁসগুলো আগামী মাসে ডিম দেওয়া শুরু করবে। গত শুক্রবার থেকে তার খামারে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মড়ক দেখা দিয়েছে। এ মড়কে তার খামারের ৭০০ হাঁস মারা গেছে।
