ঘুষ-দুর্নীতির তথ্য চেয়ে সুপ্রিম কোর্ট বারে অভিযোগ বাক্স স্থাপন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২২:০৪

গোপন রাখা হবে নাম-পরিচয়

ইত্তেফাক রিপোর্ট

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর এবার সুপ্রিম কোর্টের যে কোনো পর্যায়ের দুর্নীতি ও অনিয়মের তথ্য আহ্বান করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে এই তথ্য দিতে বলা হয়েছে। গতকাল রবিবার এ সংক্রান্ত তথ্য-উপাত্ত পেতে সমিতির সভাপতি ও সম্পাদকের কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে একটি অভিযোগ বাক্স।

সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের যে কোনো পর্যায়ের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, অডিও ও ভিডিও রেকর্ডিং এবং বিকাশ/নগদ/রকেটসহ অন্য কোনো মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সম্পাদকের অফিস কক্ষের সামনে স্থাপিত অভিযোগ বাক্সে জমা দিতে বলা হচ্ছে। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শনিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৈঠকে সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের থেকে আদেশের অনুলিপি পেতে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতির শিকার হচ্ছেন আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ। আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশের লোভের কারণে বিচারব্যবস্থার প্রতি মানুষের হতাশা বেড়েই চলেছে। বিচার বিভাগের অভিভাবক হিসেবে দুর্নীতির এই ভয়াল গ্রাস থেকে বিচারপ্রার্থী জনগণকে বাঁচাতে আপনাকে যথাযথ পদক্ষেপ নিতেই হবে।

তখন প্রধান বিচারপতি আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে বলেন, ঢালাও নয়, দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ দিন। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য বার ও বেঞ্চকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ঐ বৈঠকের পর গতকাল এই অভিযোগ বাক্স স্থাপন করার বিষয়টি জানান সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দের একটি ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে বলা হলে প্রধান বিচারপতি বলেছেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ জানাতে। তাই বৈঠকের পরদিনই এই বাক্স স্থাপন করেছি। অভিযোগ আসার পর তা প্রধান বিচারপতি বরাবরে পাঠানো হবে।