কক্সবাজার প্রতিনিধি
মেরিন ড্রাইভের বাহারছড়া অংশে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের ডকোমেন্টারি তৈরীর সহযোগী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে মুক্তি পান তিনি। কক্সবাজার জেলা কারাগারের তত্বাবধায়ক (সুপার) মো. মোকাম্মেল হোসেন তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
তাকে গ্রহণ করতে জেলগেটে উপস্থিত ছিলেন তার ভাই সৈকত দেবনাথ ও শিপ্রা দেবনাথের আইনজীবী অরূপ বড়ুয়া তপুসহ অন্যরা। মুক্তির পর শিপ্রাকে নিয়ে চলে যান তার ভাই সৈকত দেবনাথ।
আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানান, রোববার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রামু) শিপ্রার জামিন চেয়ে আবেদন করা হয়। বেলা ১২টায় শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেন জামিন আবেদন মঞ্জুর করেন। এরপরই দ্রুততার সাথে জামিনের কপি বিশেষ ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।
কক্সবাজার জেলা কারাগার সূত্র জানায়, আদালত থেকে শিপ্রার জামিন মঞ্জুরের কাগজ আসার পরপর দ্রুত তা যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেয়া হয়।
