মিঠাপুকুরে চোর সন্দেহে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা, ওসি প্রত্যাহার

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২৩:৪৭

গ্রেফতার দুই

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে তছলিম উদ্দিন (৫০) নামে এক নৈশপ্রহরীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দোকানে চুরির অভিযোগে উপজেলার শঠিবাড়ীহাটে গত শনিবার ভোররাতে এ গণপিটুনির ঘটনা ঘটে। শনিবার দুপুরে তিনি চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তছলিম উদ্দিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল রবিবার মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহত তছলিম উদ্দিনের ছেলে ইয়াসিন আলী ১০ জনের নামে ও অজ্ঞাতনামা আরো ১২-১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। নৈশপ্রহরী পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শঠিবাড়ীহাটে মুদিবাজারে নৈশপ্রহরী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেন তছলিম উদ্দিন। শনিবার ভোররাতে তার দায়িত্বপালন এলাকায় সাহেব আলী নামে একজনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা রমজান আলী (১৮) নামে এক চোরকে আটক করে। সে পাশের পীরগঞ্জ উপজেলার জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। উপস্থিত লোকজনকে রমজান বলে, নৈশপ্রহরী তছলিমও ঐ চুরির সঙ্গে জড়িত। এ কথা শুনে স্থানীয় লোকজন ঐ দুই জনকে গণপিটুনি দেয়। এতে তছলিম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ওসি জাফর আলী বিশ্বাসকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। গণপিটুনির মামলার তদন্ত শুরু হয়েছে।