বঙ্গবন্ধু মহানায়ক হয়েছেন বঙ্গমাতার অনুপ্রেরণায় ------মতিয়া চৌধুরী

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২৩:৫২

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তার সহধর্মিণীর অনুপ্রেরণায়।’ গতকাল রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বঙ্গমাতা ছিলেন অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন। বঙ্গবন্ধুকে যখন জেলে নিল, তখন বঙ্গমাতা পরিবার সামলানোর পাশাপাশি দলও পরিচালনা করেছেন। ’মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হেঁটে গেলে, একটা কাটা পেলেও সেটা বঙ্গমাতা বুকে পেতে নিতেন। তিনি বঙ্গবন্ধুর দুঃখকে বুকে ধারণ করেছেন, সুখকে ধারণ করেন নাই। তিনি চাইলে বঙ্গভবনে থাকতে পারতেন। কিন্তু সেটা করেন নাই।’ 

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গমাতার কারণেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুকে তিনি নিঃস্বার্থভাবে অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়েছেন। পৃথিবীর কোনো নেতার স্ত্রীর এমন নিঃস্বার্থ সহযোগিতার কথা আমরা শুনিনি।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা নাজমুল হক, সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা এম এ করিম ও মো. শফিউদ্দিন প্রমুখ।