শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২৩:৫৩

ইত্তেফাক ডেস্ক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। গতকাল রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি বিশিষ্ট বৌদ্ধ মন্দিরে তার ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের মাধ্যমে চতুর্থবারের মতো শপথ নেন মাহিন্দা রাজাপক্ষে। খবর আলজাজিরার।

মাহিন্দা রাজাপাক্ষে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই দ্বীপ দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিগত সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৪ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০১৮ ও ২০১৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও নিযুক্ত হন। এর আগে শুক্রবার শ্রীলঙ্কার শক্তিধর রাজাপক্ষে ভাইয়েরা দেশটির সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হন। নির্বাচন কমিশনঘোষিত ফলাফলে দেখা যায়, রাজাপক্ষের পিপলস ফ্রন্ট ১৯৬ আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধী দল জয় পায় মাত্র ৪৭টি আসনে। শ্রীলঙ্কার পার্লামেন্টে ২২৫টি আসন রয়েছে।